প্রথমেই সিলেবাসের যে বইটি পড়বেন বলে ভাবছেন সেটা হার্ড কপি সংগ্রহ করুন , সফট কপি থাকলেও চলবে । তবে সফট কপি থেকে পড়াটা একটু ক্লান্তিকর, আপনি তাতে দাগ দিয়ে পড়তে পারবেন না, বা যে কোন সময় সফট কপিটি হারিয়ে কিংবা নষ্ট হয়ে যেতে পারে । তাই মূল বইটি কিনুন বা লাইব্রেরি থেকে সংগ্রহ করে নিন। এরপর বইটির প্রকাশনা থেকে শুরু করে প্রথম প্রকাশ , সাল তারিখ , উৎসর্গ পত্র সব খাতায় নোট করে নিন। বইটি পড়তে শুরু করুন । প্রতিটি লাইন , অধ্যায় ভালো করে পড়ুন । পাশে একটি পরিষ্কার খাতা রাখবেন , যেখানে গুরুত্বপূর্ণ বিষয়গুলি বা তথ্যগুলি পড়ার সাথে সাথে লিখতে থাকবেন । যদি একটানা পড়া আপনার অভ্যাস হয় তাহলেও বলব দুই তিন পাতা পড়ার পরেই তথ্যগুলি লিখে নেবেন , নাহলে পরে লিখতে আলস্য আসবে।
বাংলার সিলেবাসটি অনেক বড় , এর অনেক ইউনিট ভাগ রয়েছে , তারসাথে অনেক টপিক রয়েছে। ফলে প্রচুর পড়তে হবে। এক একটি ইউনিট ধরে পড়াটা খুব সুবিধে হয়। কারণ তাহলে কোন টপিক বাদ পরে যাওয়ার ভয় থাকে না। যে ইউনিটের বইগুলি হাতের কাছে রয়েছে সেগুলি দিয়েই শুরু করুন। সব একসাথে দেখতে যাওয়ার প্রয়োজন নেই। এভাবে পড়া শুরু করলে ধীরে ধীরে পুরোটাই সম্পূর্ণ করা সম্ভব ।
আর প্রতিদিন প্রথম পত্রের টপিকগুলিও নিয়মিত অভ্যেস করুন। ফেলে রাখবেন না।